
নিজস্ব প্রতিবেদক,খুলনা: দক্ষিণ বঙ্গের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কোলঘেঁষা বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের বহুদিনের একটি দাবি নতুনভাবে জাতীয় গুরুত্ব পাচ্ছে। চীনের প্রস্তাবিত তিনটি ১,০০০ শয্যার বিশ্বমানের আধুনিক হাসপাতালের মধ্যে অন্তত একটি হাসপাতাল খুলনা বিভাগে স্থাপনের দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগণ।
স্থানীয়দের মতে, উন্নত চিকিৎসার অভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হচ্ছেন। কেউ কেউ উন্নত চিকিৎসার আশায় ভারতসহ বিদেশে পাড়ি জমাচ্ছেন। আবার অনেকেই অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন।
এই প্রেক্ষাপটে চীন সরকারের প্রস্তাবিত হাসপাতালটি খুলনা জেলার বাইপাস রোড সংলগ্ন এলাকায় ১০০ একর জমির উপর স্থাপন করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার জনগণ উপকৃত হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকরা। তারা বলছেন, এ অঞ্চলে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা হলে উন্নত চিকিৎসাসেবার জন্য দূরদূরান্তে ছুটে বেড়ানোর দিন শেষ হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের দাবি শুধু হাসপাতাল নয়, এটা মানবাধিকার ও বাঁচার অধিকারের সঙ্গে জড়িত। চিকিৎসাসেবা যেন কেবল রাজধানীকেন্দ্রিক না হয়ে সুষমভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে।”
সংশ্লিষ্ট মহলের কাছে খোলা চিঠির মাধ্যমে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করে এলাকাবাসীর দাবি—খুলনার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল স্থাপন জরুরি হয়ে উঠেছে।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই দাবির পক্ষে জোরালো প্রচার শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা খুলনাবাসীর।
প্রতিবেদকের নাম 










