তাপস কুমার দেবনাথ,(ভালুকা) ময়মনসিংহ প্রতিনিধি: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ভালুকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বুধবার (৭ আগস্ট) সকালে ভালুকার বাসস্ট্যান্ড এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন।
বিভিন্ন এলাকা থেকে আসা গাড়িগুলো গুরুত্বপূর্ণ এ স্থানে মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে যানজট ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন।
কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকা যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
ট্রাফিকের কাজ করা সিয়াম, সুজন ও অমি সহ অনেক ছাত্র-ছাত্রীদের সাথে কথা হয় বাসস্ট্যান্ড মোড়ে। তারা ভালুকা সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা নিজেদের মানবিক দায়িত্বে এই কাজে উদ্যোগ গ্রহণ করেছে।
তারা বলেন, এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল ১০ টা থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।
প্রতিবেদকের নাম 










