
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. কামাল মিয়া (২৯), স্বপ্না (২২) ও খায়রুল ইসলাম (২২)।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, রাতে মস্তুল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালীন একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে সংকেত অমান্য করে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটিকে থামায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং আরোহী তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা 










