
◼️মো: জসিম–বিরল(দিনাজপুর)
প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ইয়ং সং সং (২৬) নামের এক যুবক। ভার্চুয়াল বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে পরিণতি পেতে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে।
প্রায় এক বছর আগে স্থানীয় অটোচালক নুর হোসেন বাবুর মেয়ে সুরভী আক্তার (১৯) এর সঙ্গে ইয়ং সং সং-এর পরিচয় হয় হ্যালো টক অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। দীর্ঘ অনলাইন আলাপচারিতার পর অবশেষে প্রিয়জনের সঙ্গে দেখা করতে চীন থেকে বাংলাদেশে আসেন ইয়ং সং সং।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিককে এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ সুরভীর বাড়িতে ভিড় জমায়। ইতিমধ্যেই দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি চলছে এবং স্থানীয়দের মধ্যেও এ ঘটনা নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
এ যেন আধুনিক যুগের এক অনন্য প্রেম কাহিনি, যা সীমান্ত ও ভাষার বাধা পেরিয়ে মিলনমেলায় রূপ নিচ্ছে।
প্রতিবেদকের নাম 

























