
◼️মাহবুবুর রহমান–রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুরে বড় মেয়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে ছোট মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০) ও তার তিন বছরের মেয়ে মিতু আক্তার। তাসলিমা ওই গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয় একই গ্রামের মাহফুজ আলমের সঙ্গে। তবে শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় সাবিনা কিছুদিন ধরে বাবার বাড়িতে থাকছিলেন। এই নিয়ে পরিবারে বিরোধ চলছিল। বিশেষ করে মা-মেয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
মঙ্গলবার সকালে তাসলিমা ও সাবিনার মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে তাসলিমা ছোট মেয়ে মিতুকে নিয়ে ঘরের পাশে ধানখেতে চলে যান। সেখানেই তিনি মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 


























