
◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর
নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মোড়কীকরণ ও লেবেল সংরক্ষণ ব্যতিরেখে প্যাকেটজাত খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ওমর আলীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে অভিযানকালে দেখা যায়, খাবার প্রস্তুত করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এবং নির্ধারিত লেবেল ও মোড়ক ছাড়া প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক), ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অপরদিকে রেলওয়ে স্টেশন রোডের রমেশ পোদ্ধার সুইট মিটেও অভিযান পরিচালনা করা হয়। এখানে খাবার প্রস্তুত ও বিক্রয় করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে, পাশাপাশি সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অনিবন্ধিত খাদ্য দ্রব্য বিক্রয় করা হচ্ছিল। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধের কারণে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। তবে দোকান মালিক অসুস্থ্য হওয়ায় তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে পারেননি। আদালতের অনুমতিতে জরিমানা পরিশোধের জন্য সাময়িক সময় প্রদান করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















