
◼️মোঃ জসিম–দিনাজপুর জেলা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর এলাকায় এলাকাবাসীর তৎপরতায় ১০ জন চোর চক্রের সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে দুইজন নারীও রয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার (১২ আগষ্ট) রাতের দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারামপুরের কয়েকটি এলাকায় চুরির প্রস্তুতির সময় স্থানীয়রা অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকাবাসী তাদের ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন—শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের তরিকুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২২), রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাস্ত মিয়াপাড়ার শাহিন মিয়া (৩৬), ফুলবাড়ীর রাজারামপুর মৎস্যপাড়ার সামিউল ইসলাম (২৯), রাজারামপুর দক্ষিণ পাড়ার ছবির বেগম (৪০) ও দেলোয়ার হোসেন (৪৫), নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা (৩০) ও নাসিম আলী (৩৫), এবং রাজারামপুর ডাঙ্গাপাড়ার মিজানুর রহমান (৩২)।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা মনে করছেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সাথে জড়িত ছিল।
এলাকাবাসী এমন সফল অভিযানে একে অপরের সহযোগিতাকে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রতিবেদকের নাম 

























