
কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোস্তাক আহম্মদ ওরফে বাবুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাক ওই এলাকার মৃত আবু শামার ছেলে।
রামু থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের পর আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মোস্তাকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল্লাহ আল নোমান (রামু, কক্সবাজার) 




















