
◼️মো: জসিম–দিনাজপুর জেলা
দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের ইভিরামপুর (বাহইল) গ্রামে নোনা নদীর পাড়ের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হবিবর রহমানের বিরুদ্ধে। দিনের আলোতে প্রকাশ্যে গাছ কাটার ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক খননকৃত মরা নোনা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে পাড়ে গাছ রোপণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি হবিবর রহমান নদীর পাড়ে থাকা অন্তত ১৫টি ইউক্লিপ্টাস গাছ কেটে তা বিক্রি করছেন।
ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিট কর্মকর্তা মহসীন আলী। তিনি গাছগুলো জব্দ করে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে জমা রাখার ব্যবস্থা করেন। তিনি জানান, গাছের বৈধ মালিকানা যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত হবিবর রহমান বলেন, “আমি আগে জমিটি বর্গা নিয়েছিলাম। তখন গাছগুলো রোপণ করি। বর্তমানে জমি চাষ না করলেও ব্যক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটেছি।
তবে স্থানীয়দের দাবি, হবিবর রহমানের ছেলে বিজোড়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য কাওছার। তার প্রভাবের কারণেই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অনেকেই অভিযোগ করেন, আগে রাতে গাছ কাটা হতো, এখন আর লুকানোর প্রয়োজন মনে করছেন না।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তাঁরা হবিবর রহমান ও তার পুত্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাতে করে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।
প্রতিবেদকের নাম 

























