
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এক সভায় এ তফসিল ঘোষণা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসাইন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৭ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২১ জুলাই বিকাল ৩টায় এবং প্রার্থীরা ২৩ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্বাচনে মোট ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিল ঘোষণাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসাইন বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। মাদ্রাসা কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, নির্বাচনে কেবল বৈধ অভিভাবকরাই অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই নির্বাচন প্রক্রিয়ায় সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন এবং একটি গ্রহণযোগ্য ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 

























