
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার লতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নুসরাত ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় অসাবধানতাবশত একটি গর্তের ভেতরে হাত দেয় শিশুটি। এ সময় গর্তে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে দংশন করে। নুসরাতের চিৎকারে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল জানান, সাপে কামড়ানোর পর পরিবার কোনো সময়ক্ষেপণ না করেই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পথেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি সাপে কাটার ঘটনায় ওঝা বা কবিরাজের শরণাপন্ন না হয়ে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ঝালকাঠি প্রতিনিধি 




















