
◼️মো: জসিম–দিনাজপুর
দিনাজপুর জেলার কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ১ আগস্ট রাতে কাহারোল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি চালায়। এ সময় তারা মাস্ক ও গামছা পরিহিত একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামতে বলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়।
আটকৃতদের কাছ থেকে আওয়ামী লীগের বাণী সংবলিত একটি ব্যানার, একটি মোটরসাইকেল, চারটি মোবাইলফোন এবং একটি স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগপন্থি ছাত্র সংগঠনের পক্ষে হঠাৎ করে একটি মিছিল বের করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কাহারোল থানার ওসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত চেকপোস্ট ও টহল চলমান রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল বা নিষিদ্ধ কর্মসূচি মেনে নেওয়া হবে না।”
প্রতিবেদকের নাম 




















