
◼️লিটন সরকার–রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারীতে নদী ও খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর এলাকার হলহলিয়া নদীর তীরে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন মিজানুর রহমান (৩৫)। তিনি রাজিবপুর উপজেলার কারিগরপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায় দেন।
অভিযান চলাকালে একই সময়ে বালু পরিবহন কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক্টর (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত) জব্দ করা হয়। গাড়িটির চালক বাগুয়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সেলিম মিয়াকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার বলেন, “নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


























