
মাদকপিপাসু ও কারবারিদের দমনে নরসিংদী জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে পাঁচ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গত রোববার (১৯ জুলাই) নরসিংদী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম শহরের রাঙ্গামাটি, বানিয়াচল ও নরসিংদী রেলস্টেশন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে মাদক সেবনের অপরাধে ওই পাঁচজনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের জন্য তাদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে নরসিংদীকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















