
◼️মাসুদ রানা মিশু–নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নতুন কৃষি পদ্ধতি কৃষকদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ধাননির্ভর কৃষি থেকে বেরিয়ে এসে এবার বস্তায় আদা চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন স্থানীয়রা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মধ্যে এই পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রচলিত জমিতে আদা চাষের তুলনায় বস্তায় চাষ করা অনেক সহজ। বিশেষ করে জমি প্রস্তুতি ও আগাছা নিয়ন্ত্রণে খরচ কম। এছাড়া বাড়ির উঠান, বারান্দা বা ফাঁকা জায়গায় বস্তা ব্যবহার করে চাষ করা সম্ভব হওয়ায় যারা জমি সংকটে ভুগছেন, তারাও এখন আদা উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “নতুন কৃষকরা যদি আদা চাষে আগ্রহী হন, আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে তাদের শতভাগ সহায়তা প্রদান করব। পাশাপাশি একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার জন্যও উৎসাহিত করব। আদা চাষে কিছু রোগবালাই ও পোকামাকড়ের ঝুঁকি থাকলেও সঠিক সময়ে কীটনাশক ব্যবহার এবং আধুনিক বালাই ব্যবস্থাপনা অনুসরণ করলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।”
স্থানীয় কৃষি বিভাগের মতে, নিয়ামতপুরের এই সাফল্য অন্যান্য উপজেলার কৃষকদের জন্যও অনুকরণীয় হতে পারে। ধানকেন্দ্রিক কৃষি ছাড়িয়ে নতুন ফসল চাষ করলে কৃষকের আয় বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের বাজারে আদার ঘাটতি পূরণেও সহায়ক হবে।
প্রতিবেদকের নাম 

























