
বগুড়ার কাহালু উপজেলায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে সোমবার দুপুরে উপজেলার শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী বাসিন্দারা।
শেখাহার, ভোলতা, ডিপুইল ও বানিয়াদিঘি গ্রামের শতাধিক বাসিন্দা এই বিক্ষোভে অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণের ফলে প্রাকৃতিক পানি প্রবাহের পথ ও ড্রেনেজ ব্যবস্থা সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, যা জনজীবন ও ব্যবসা-বাণিজ্যের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, শিক্ষার্থী ও জরুরি সেবার যানবাহনসহ কর্মজীবী মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পরে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদকের নাম 




















