
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রংপুরগামী পথে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেন। পাবনা থেকে রওনা হয়ে ঢাকার মহাসমাবেশে নিহত এক জামায়াত নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুরের আরেক নেতার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
বিকেল চারটায় ফাইভস্টার হোটেল মমইনের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করলে জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এসময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মো. সেলিম রেজাসহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হেলিপ্যাডে অবতরণের পর আমিরে জামায়াত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত শিশুরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এছাড়া টিএমএসএস নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া অঞ্চলের পরিচালক মো. সেলিম রেজা জানান, প্রায় ৩০ মিনিট বিশ্রামের পর ডা. শফিকুর রহমান রংপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন।
বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, হেলিকপ্টারের ফুয়েল শেষ হয়ে যাওয়ায় মমইনের হেলিপ্যাডে অবতরণ করা হয়। এই সময়ের মধ্যে জামায়াত আমির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বগুড়ার সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিবেদকের নাম 






















