
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় ৫০ হাজার টাকাসহ মো. এনামুল হক (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চণ্ডীজান (করতকোলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত এনামুল ওই গ্রামের মৃত বাবলু প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বসতবাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাঁজে রাখা একটি লাল রঙের ব্যাগ থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির ৪৯ হাজার ৬০০ টাকা এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
মাসুদ রানা (বগুরা) 




















