
◼️মোহাম্মদ আইয়ুব–চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড মৌলভিচ্যর মাতামুহুরী ব্রিজের পশ্চিম পাশে একটি ভাড়া বাসা থেকে ফারসা মুবিন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারসা মুবিন পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। প্রায় তিন বছর আগে মগনামা ইউনিয়নের কাঠমিস্ত্রি নাজেম উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় তাদের। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তারা দীর্ঘদিন ধরেই মৌলভিচ্যর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে বড় ভাইয়ের বিদেশ থেকে ফেরার খবর পেয়ে ফারসা বাবার বাড়ি যান। পরে রাতে স্বামীর বাসায় ফিরে আসেন। গভীর রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করা হচ্ছে।
স্বামী নাজেম উদ্দিন জানান, তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ বা অশান্তি ছিল না। কেন এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি প্রাথমিকভাবে পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে অনেকেই এই মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 


























