
◼️মাহাবুর রহমান–কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে বিএনপির এক নারী সমাবেশে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আর দিনের ভোট রাতে হবে না। এ জন্য দলটি গত ১৬ বছর ধরে আন্দোলন করে আসছে।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে মানুষের কথা বলার অধিকার ফিরবে, নারীদের অধিকার নিশ্চিত হবে। দেশের অর্ধেক নারীই উন্নয়নের বড় শক্তি, তারা দেশ গড়ার মূল কারিগর। নারীরা এখন অনেক সচেতন, মিথ্যা কথা বলে তাদের আর বিভ্রান্ত করা যাবে না।
রোববার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী সমাবেশে এসব কথা বলেন তিনি।
আবুল হোসেন আজাদ আরও বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রীর ওপর নির্যাতন চালানো হয়েছে, তাকে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্যাঁতস্যাঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। মিথ্যা মামলা, খুন ও গুমের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে। শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো নির্বাচনে হারেননি, বরং প্রতি নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। শেখ হাসিনা বিএনপি ও বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই ১৬ বছর প্রহসনের নির্বাচন হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা, উপজেলা মহিলা দল নেত্রী নাজমা পারভিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ শত শত নারী কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 






















