
নরসিংদী শহরে বিজিবির ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে যাত্রীর বেশে বিপুল পরিমাণ মাদক বহনের সময় ২১ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ আল ফয়সাল (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী শহরের দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার একটি দল দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বিজিবির ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে ট্রলি ব্যাগ নিয়ে চলাফেরা করার সময় ফয়সালের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে। পরে ব্যাগ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফয়সাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল চক্রটি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নরসিংদী জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















