
◼️গোলাম রব্বানী–সাতক্ষীরা তালা
সাতক্ষীরার তালা উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষায় আঘাত করে ছেলেকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার আটারোই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক হাবিবুর মোড়ল (২৫) উপজেলার আটারোই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। নেশার ঘোরে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে ঝগড়া করত এবং নির্যাতন চালাত। ঘটনার দিন রাতে হাবিবুর মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জেদ ধরেন। এতে পারুল বেগম অস্বীকৃতি জানালে হাবিবুর উত্তেজিত হয়ে মারধরের জন্য তার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন।
একপর্যায়ে হাবিবুর তার মাকে কোপাতে গেলে পারুল বেগম আত্মরক্ষার্থে তার হাত থেকে ধারালো অস্ত্রটি কেড়ে নিয়ে ছেলেকে আঘাত করেন। পরবর্তীতে হাবিবুরের স্ত্রী শান্তা খাতুন এবং পারুল বেগম মিলে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন জানিয়েছেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে এবং ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিবেদকের নাম 

























