
ধূমপান ও মাদকমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ‘বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় পরিষদ’ (ডাব্লুএসএফসি)। শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি মিলনায়তনে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিয়াজের সভাপতিত্বে সভায় ধূমপান ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় দেশব্যাপী জোরালো সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্য সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভার সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ইমারত হোসেন ঈমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী।
সভায় আগামী দিনে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ‘গানে গানে ক্যাম্পেইন’-এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন এবং সংগঠনের সদস্যদের জন্য বিশেষ মিলনমেলার আয়োজন।
সভা শেষে সংগঠনের নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সংগঠনের সহ-সভাপতি লায়ন হেলাল উদ্দিন হিলু, ড. হাসান আহমেদ মেহেদীসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ রেজাউল ইসলাম লাকী 




















