
◼️আরিফুর রহমান–লক্ষীপুর সদর
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামে কল্পনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, মিষ্টি কম আনার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহত কল্পনা শহীদপুর গ্রামের ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী। গত ৮ দিন আগে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার কল্পনার বাবার বাড়ি থেকে কিছু আত্মীয়-স্বজন নবজাতককে দেখতে যান এবং মিষ্টিসহ কিছু উপহারসামগ্রী নিয়ে যান। কিন্তু মিষ্টি কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে কটুকথা বলেন। এরই জেরে কল্পনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার ভাই আলমগীর হোসেন।
তিনি জানান, ঘটনার পরপরই শ্বশুরবাড়ির লোকজন ঘর ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে কল্পনার মরদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। এর আগেও তাকে বিভিন্ন সময় শ্বশুরবাড়িতে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন আলমগীর।
তিনি আরও জানান, প্রায় ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনার বিয়ে হয়। তার স্বামী ওমানে থাকেন। এই সুযোগে শ্বশুর-শাশুড়ি প্রায়ই কল্পনাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবি করা হলেও, পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। বিষয়টি সন্দেহজনক। তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
প্রতিবেদকের নাম 

























