
মোঃ রাজু আহম্মেদ–খুলনা,পাইকগাছা থেকে◼️
খুলনার পাইকগাছায় বর্ষা নামতেই আরও করুণ চিত্র নিয়ে হাজির হয়েছে আঠারো মাইল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক। কাশিমনগর হয়ে কপিলমুনির দিকে যাওয়ার প্রধান এই সড়কে এখন খানাখন্দ, জলাবদ্ধতা আর জনদুর্ভোগই যেন নিত্য সঙ্গী। কয়েক দিনের বৃষ্টিতেই রাস্তা ভেঙে কোথাও গর্ত, কোথাও রীতিমতো পুকুর।
বিশেষ করে গোলাবাটি মোড় এবং জিরো পয়েন্ট এলাকায় হাঁটু পানি জমে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পথচারী ও যানবাহনের জন্য চলাচল হয়ে পড়েছে দুঃসাহসিক অভিযানের মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাল পতাকা টানিয়ে সতর্ক সংকেত দেওয়া হলেও, বিপদ এড়াতে পারছে না কেউ। ঝুঁকি নিয়েই চলছে ঢাকাগামী বাস, ট্রাকসহ হাজারো যানবাহন।
স্থানীয়রা বলছেন, পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি বহু বছর। ফলে কার্পেটিং উঠে গেছে, ইট-পাথর সরে গেছে, গর্তে পরিণত হয়েছে রাস্তাঘাট। যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
দুর্ভোগে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বাজারমুখী সাধারণ মানুষ পর্যন্ত। বৃষ্টির পানির সঙ্গে মিশে যাচ্ছে ড্রেনের নোংরা পানি, যা আশপাশের পরিবেশকেও করেছে দুর্বিষহ।
স্থানীয় চালক ও পথচারীদের ভাষ্য মতে, প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। অটোরিকশা উল্টে যাত্রী আহত হওয়া যেন এখানে আর নতুন কিছু নয়।
এলাকাবাসীর একটাই দাবি—উপকূলীয় এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। খুলনা জেলা সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে দুর্যোগে এই রাস্তাই হয়ে উঠতে পারে আরও বড় বিপদের কারণ।
প্রতিবেদকের নাম 


























