
◼️লিটন সরকার–রৌমারি(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন সমাজের উদ্যোগে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে বেহুলার চর ব্রীজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মিছিল ও মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্ম, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
সাবেক সভাপতি হাফিজুর রহমান, ফারুক, মনিরসহ অন্যান্য বক্তারা বলেন, প্রধান শিক্ষক সরকারি উন্নয়নমূলক বরাদ্দের টাকা আত্মসাতের পাশাপাশি শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে খারাপ ভাষায় আচরণ করেন। তার বিরুদ্ধে পূর্বেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, তবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তারা দাবি করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষ এই অভিযোগের যথাযথ তদন্ত করবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
প্রতিবেদকের নাম 

























