
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।
অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী, দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্প, থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলা ব্যক্তিদের নিজ উদ্যোগে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় আজ সকালে বুলডোজার ব্যবহার করে সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখলের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বার্থে এবং সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনার স্বার্থে এ ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 


























