
বগুড়ায় এলপিজি গ্যাসের নির্ধারিত দাম কার্যকর এবং ভোক্তাদের হয়রানি রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) কাহালু বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এলপিজি ব্যবসায়ীরা যাতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সে লক্ষ্যে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ‘মেসার্স আতিক স্টোর’-কে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, পুরোনো তেলে ভাজাপোড়া তৈরি এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার রাখার দায়ে একটি হোটেলকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মোঃ হারুন অর রশিদ | বগুরা 




















