
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী এলাকার গোলহাটিতে এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আমবাড়ী গ্রামের শাহাদাত মিয়ার বসতঘরে তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় ঘরটিতে মজুত রাখা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) ও অজ্ঞাত আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যায়।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি হযরত আলী জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য মজুত প্রতিরোধে ডিবি পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 




















