
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, পরিবেশ রক্ষা এখন কোনো বিলাসিতা নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। ব্যক্তিগত ও সামষ্টিক পর্যায়ে প্রতিটি মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতল চাকমা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনজ সম্পদ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ সেরগুল আহমেদ, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি একেএম আবু নাছার এবং বাসস প্রতিনিধি আমিনুল হক। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 




















