
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।
শনিবার (২৭ জুন) রাত ৩টা ১০ মিনিটে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীনস্থ বাশালগাঁও বিওপি এ অভিযান পরিচালনা করে। অভিযানটি হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫১ ৫ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররাগ্রাম এলাকায় পরিচালিত হয়।
আটক ব্যক্তি মো. হৃদয় হোসেন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ জসিম উদ্দিন-দিনাজপুর জেলা সংবাদদাতা 




















