
মোঃ দিদার উদ্দিন–হাতিয়া উপজেলা প্রতিনিধি
হাতিয়ায় এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের সহযোগিতায় ৬০০ পরিবারে ১ কোটি ২০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার(১২ নভেম্বর) হাতিয়া উপজেলায় বেসরকারি দাতব্য সংস্থা আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। দ্বীপ হাতিয়ার ইতিহাসে একদিনে এত বিপুল পরিমাণ অনুদান বিতরণের নজির এটাই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। তাঁর অনুরোধে আল-মানাহিল ফাউন্ডেশন উপজেলাজুড়ে নিম্নবিত্ত পরিবারের তালিকা সংগ্রহ করে ৬০০ জনকে নগদ এককালীন ২০ হাজার টাকা করে অনুদান দেয়। ফাউন্ডেশনটি সারাদেশ থেকে ১৫৫৫ জনকে বাছাই করলেও হান্নান মাসুদের উদ্যোগে শুধু হাতিয়ার জন্যই ৬০০ জনকে সহায়তা প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদ বলেন, দ্বীপ হাতিয়ার দীর্ঘদিনের বঞ্চনা শুধুমাত্র সরকারি সহায়তায় দূর করা সম্ভব নয়। এ জন্য তিনি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে আসছেন। এসব সংস্থা ভবিষ্যতে হাতিয়ার অবকাঠামো ও আর্থিক উন্নয়নে আরও সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, হরিণী ও চান্দনি ইউনিয়নের নদীভাঙন মোকাবিলায় তাঁর প্রচেষ্টায় জিও ব্যাগ ফেলা হয়েছে, যা স্থানীয় মানুষের বাড়িঘর, জমি ও সম্পদ রক্ষা করেছে। পাশাপাশি তিনি নৌ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার কথা বলে হাতিয়ার জন্য ফেরিঘাট ও ফেরি ব্যবস্থার বাস্তবায়নে কাজ করেছেন। বর্তমানে ফেরিঘাটের কাজ চলমান থাকায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এনসিপি নেতা হান্নান মাসুদের এসব উদ্যোগে হাতিয়ার সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তিনি জনপ্রতিনিধি হলে দ্বীপের আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে যাবে।
অনুদানপ্রাপ্ত অনেক পরিবার জানিয়েছে, বর্তমান সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা দাতা সংস্থা ও এনসিপি নেতা হান্নান মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোঃ দিদার উদ্দিন–হাতিয়া উপজেলা 

























