
মোঃ শিহাব উদ্দিন টোকন,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে শুভ (২০) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ইভটিজিংয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় বাবাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রতন আলী (৩৭) একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে ও অভিযুক্ত যুবক শুভ একই গ্রামের রুবেলের ছেলে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বুলবুলি খাতুন বলেন, কয়েকমাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় বখাটে শুভ আমার মেয়েকে টানা উক্ত্যক্ত করতে থাকে। এঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভসহ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালায়। এবং মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনা অভিযোগ দায়ের না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে শুভর পরিবার।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 

























