
আল-আমীন- নরসিংদী জেলা সংবাদদাতা◾
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “জুলাই কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর একক মালিকানা নয়—এটি এ দেশের আপামর জনসাধারণের অর্জিত সম্পদ।”
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “জুলাই কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির একক কৃতিত্ব নয়। এটি সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি ঐতিহাসিক জনআন্দোলনের ফসল। এটি কোনো দল বা গোষ্ঠীর রাজনৈতিক ইজারা নয়।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক মালিকানার দলীয় সম্পদে পরিণত করেছে। একইভাবে এখন জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও কিছু গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়।”
নুরের ভাষায়, “জুলাইয়ের মূল চেতনা হলো—ফ্যাসিবাদকে পরাজিত করে একটি নতুন, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গঠন করা। যেখানে সরকার হবে জনগণের, কর্মকর্তারা হবেন জবাবদিহিতার আওতায়, আর জনপ্রতিনিধিরা রাতের আঁধারে নয়, জনগণের ভোটেই নির্বাচিত হবেন।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি নান্নু মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ ও খনিজসম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ।
প্রতিবেদকের নাম 




















