
◼️ফাহিম দেওয়ান–গাইবান্ধা সদর
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কর্তৃক সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি বুধবার সকালে গাইবান্ধা জেলা শহরের নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিটি ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ শ্লোগানে মুখরিত ছিল।
বক্তারা বলেন, শিক্ষা আইনে সবার জন্য সমান শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বাদ দেওয়া একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত এবং তা অগ্রহণযোগ্য। তারা উল্লেখ করেন যে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও বারবার অবহেলার শিকার হচ্ছে।
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং পঞ্চম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বলেন। অন্যথায় তারা সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার আশঙ্কাও ব্যক্ত করেন।
মানববন্ধনে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ বক্তব্য রাখেন।
প্রতিবেদকের নাম 




















