
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ মোহাম্মদ জামিউর রহমান এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতারী।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য উপজেলার মোট ২৭০টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। এর মধ্যে বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক ১২০টি কেন্দ্রে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি ক্লিনিকভিত্তিক ১২০টি কেন্দ্রে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে। পুরো কর্মসূচির আওতায় প্রায় ৩৩ হাজার ২৬১ শিশুকে টিকা দেওয়া হবে।
উদ্বোধনী কেন্দ্র জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া গেছে। বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯০ জন ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছে। অবশিষ্ট শিক্ষার্থীরাও দ্রুত রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় রয়েছে।
অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, বাগাতিপাড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যেই ১০০ শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায় আসবে।
রকুনুজ্জামান বাগাতিপাড়া (নাটোর) 

























