
মাদক ও জুয়া নির্মূলে সামাজিক দায়বদ্ধতা থেকে কঠোর অবস্থানে গেছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। এখন থেকে জেলার কোনো আইনজীবী মাদক ও জুয়া সংক্রান্ত মামলার আসামিদের পক্ষে আদালতে আইনি লড়াই করবেন না।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সমিতির নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসকারী এই দুই মরণব্যাধি সমাজকে অস্থির করে তুলেছে। তাই বৃহত্তর স্বার্থে ও সামাজিক অপরাধ রোধে সমিতির সদস্যরা একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমান সময়ের সবচেয়ে বড় অভিশাপ, যা অপরাধমূলক কর্মকাণ্ডের মূল উৎস হিসেবে কাজ করছে। সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে আইনজীবীরা এখন থেকে আর এসব মামলার আসামিদের আইনি সহায়তা প্রদান করবেন না। এটি তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি নৈতিক অঙ্গীকার বলেও তারা মন্তব্য করেন।
আইনজীবী সমিতির এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মোঃ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট 




















