
◼️খাইরুল ইসলাম–ঢাকা
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রথা বাতিল করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার পর্যায়ে কোনো নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার(২৪ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনী সংস্কারে গতি আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণের মাঝে প্রতিযোগিতার সুযোগ বাড়বে এবং রাজনৈতিক চাপমুক্ত থেকে প্রার্থী নির্বাচিত হওয়ার পথ সুগম হবে।
তিনি বলেন, যারা জনসমর্থন ও জনপ্রিয়তার ভিত্তিতে কাজ করতে চান, তারা এখন দলীয় পরিচয়ের বাইরে থেকেও নেতৃত্বে আসতে পারবেন। এতে করে স্থানীয় সরকার কাঠামো আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক হবে।
নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ রাখার পাশাপাশি সব ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
এই সিদ্ধান্তকে স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 























