
নরসিংদীতে কুকুরের গলায় দড়ি বেঁধে অপর প্রান্তে ইট লাগিয়ে নদীতে নিক্ষেপের ভাইরাল ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কুকুরটির গলায় দড়ি বেঁধে দড়ির অপর প্রান্তে ইট লাগিয়ে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে নদীতে ফেলে দিচ্ছে। ভিডিওতে আরও কয়েকজনকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল ফারুকের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালায় নরসিংদী সদর মডেল থানা পুলিশ। অভিযানে ভিডিওতে থাকা প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় পেনাল কোডের ৪২৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ভিডিওতে থাকা শাহিনারা বেগম (৫২)কে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোস্তফা মিয়া–নরসিংদী সদর প্রতিনিধি 





















