
◼️আসাদুর রহমান–খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ক্যান্টিন থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুয়েট এলাকার ওই হলে অভিযান চালিয়ে ক্যান্টিন বয় মেরাজকে আটক করা হয়।
খানজাহান আলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়েটের ছাত্র হলের ক্যান্টিনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মেরাজের কাছ থেকে এক কেজি ৬০০ গ্রাম ওজনের প্যাকেটজাত গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মেরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে কুয়েটের মতো একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও ঘটনাটি নিয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে, শিক্ষাঙ্গনে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 























