
দেওয়ান ফাহিম হোসেন – গাইবান্ধা◾
গাইবান্ধায় ছাত্র আন্দোলনে হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ছয় সংসদ সদস্যসহ ৮৫ জন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা সদর থানায় এ মামলা করেন। মামলায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত জেলা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান, নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন এবং সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়।
বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, “গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ এবং ডিসি অফিস চত্বরে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অপহরণ, হামলা ও হত্যাচেষ্টা করে। আমি নিজেও সেই সময় গুলিবিদ্ধ হই।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
রাজনৈতিক মহলে এ মামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, এর ফলে গাইবান্ধার রাজনীতিতে উত্তেজনার নতুন ঢেউ বইতে শুরু করেছে।
প্রতিবেদকের নাম 




















