
রাজু আহম্মেদ–খুলনা থেকে◼️
খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় রবিবার (১৩ জুলাই) সকাল থেকে একটানা প্রবল বৃষ্টিতে পৌর বাজারসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। দুপুর ১১টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে পৌর শহরের স্বর্ণ পট্টি, কাঁচাবাজার, মাছ-মাংস বিক্রয় এলাকা, কাঁকড়া ডিপো মার্কেট ও কর্মকার পট্টিসহ বিস্তৃত অঞ্চল জলাবদ্ধ হয়ে পড়ে।
বৃষ্টির পাশাপাশি নদীতে জোয়ারের পানি উঠায় শিবসা নদীর সঙ্গে যুক্ত ড্রেনগুলো উল্টো প্রবাহে পানি পৌর এলাকায় প্রবেশ করে। ফলে বাজার এলাকার পানি বের হতে না পেরে জমে যায় এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা কৃষি অফিস, আদালত চত্বর, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে একরকম স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানি ঢুকে গেছে বসতবাড়িতেও। স্বর্ণপট্টির দোকানগুলোয় কোমর পানি উঠে গেছে, যেখানে মূল্যবান সামগ্রীর নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উৎকণ্ঠা।
আষাঢ়ের শুরু থেকেই থেমে থেমে বৃষ্টি থাকলেও রবিবারের ভারী বর্ষণ জনজীবনে নতুন দুর্ভোগ এনেছে। আমন ধানের বীজতলা, সবজির জমি, পুকুর ও মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও মৎস্যজীবীরা।
উপকূলীয় অঞ্চলের মানুষ বলছেন, সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না করলে প্রতি বছরই এমন জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি তাদের পোহাতে হয়। তারা দ্রুত শিবসা নদীর নাব্যতা রক্ষা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে এখনো কোনো তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতিবেদকের নাম 

























