
◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর
নরসিংদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টানা অভিযানে গত ২৪ ঘন্টায় উদ্ধার ও নিয়মিত মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি, ডাকাতি করা মালামাল এবং মাদকদ্রব্য।
রায়পুরা চরাঞ্চলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এসবিসিএল একনলা বন্দুক, চারটি দেশীয় একনলা বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২টি শর্টগানের কার্তুজ, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল। সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বে হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, শিবপুর মডেল থানা পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের ১৮৫ বস্তা চাল উদ্ধার করেছে। আটক করা হয়েছে তিনজন ডাকাত — হৃদয় মিয়া (৩২), আকাশ দাস (৩০) ও হৃদয় চন্দ্র দাস (২৮)। এ সময় পুলিশি পোশাক, এক জোড়া বুট, একটি বেল্ট, একটি ক্যাপ ও একটি ট্রাকও জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি টিম পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভাগ নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান জেলা পুলিশের এক মুখপাত্র। প্রশাসন জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
প্রতিবেদকের নাম 




















