
নরসিংদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখনলাল দাস, ফারুক উদ্দিন ভূঁইয়া, এ কে এম গোলাম কবির কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিক্ষা খাত ও মানবসম্পদ উন্নয়নে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ অবসরের পর তাঁদের আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। শিক্ষক সমাজের এই নায্য অধিকার নিশ্চিত করতে এবং তাঁদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা দিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, কল্যাণ সুবিধার অর্থ সময়মতো পাওয়া শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। ভবিষ্যতেও শিক্ষক-কর্মচারীদের পেশাগত মানোন্নয়ন ও নায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের হাতে অবসর ও কল্যাণ তহবিলের চেক তুলে দেন।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















