
নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোটসহ মো. ইমন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) উপজেলার আমিরগঞ্জ এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নরসিংদীর বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিরগঞ্জ এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ইমনের দেহ তল্লাশি করে ৫০ টাকার ১৮টি নিখুঁত জাল নোট উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোট কারবারের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মোঃ আল-আমিন | নরসিংদী 




















