
◼️আনিসুর রহমান
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
পাপিয়া জানিয়েছেন, “আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। জনগণের পাশে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে জনগণের সেবা করার সুযোগ পাব। আমার মূল লক্ষ্য এ অঞ্চলের উন্নয়নে কাজ করা।”
তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আগে সংরক্ষিত নারী আসন-৪১ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা উন্নয়ন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সংকট রয়েছে। অতীতে সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা পাপিয়াকে অন্য প্রার্থীর তুলনায় এগিয়ে রাখছে। স্থানীয় ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে বেশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই নির্বাচনে এমন গুঞ্জন শোনা গেলেও তা সত্য হয়নি। এবারে পাপিয়া স্থানীয় হাটবাজার ও মোড়ে মোড়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশা নিয়ে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা ইতোমধ্যেই এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
প্রতিবেদকের নাম 






















