
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
বাংলাদেশের রাজনীতিতে অনুপযোগী ও বিভেদের কারণ হিসেবে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির বিরোধিতা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “পিআর পদ্ধতির প্রচলন ইউরোপের কিছু দেশে থাকলেও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তা কখনোই গ্রহণযোগ্য নয়।”
লক্ষ্মীপুর সদর উপজেলার দওপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির ৪৬০ জন কাউন্সিলর দ্বারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “এই পিআর পদ্ধতির কথা কয়েকজন ব্যক্তি ও কিছু দল জাতির মধ্যে বিভাজন তৈরির জন্য তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন—বাংলাদেশে এই পদ্ধতির প্রয়োগে জাতীয় ঐক্য বিনষ্ট হবে।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “এখন সময় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ হওয়ার। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, প্রতিযোগিতা থাকবে। তবে দেশ গড়তে হলে ঐক্যের ভিত্তি গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা।”
তিনি সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করুন, যেখানে জনগণের সত্যিকারের রায় প্রতিফলিত হবে।”
প্রতিবেদকের নাম 






















