
মোঃ বদরুদ্দোজা সবুজ–জয়পুরহাট জেলা◼️
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বিএনপির পাঁচবিবি পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল কবির রাইটের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোঃ গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান।
বক্তারা বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে সরকার ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। জিয়াউল কবির রাইটের বিরুদ্ধে মামলা তারই উদাহরণ।
তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি কিংবা অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শুদ্ধি অভিযান চলবে। দলীয় শৃঙ্খলা ও আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও জানান নেতারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এম এ ওয়াহাব, অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা লক্ষ্য করা গেলেও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।
প্রতিবেদকের নাম 






















