
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে মোস্তাফার দোকান হয়ে পালপাড়া পর্যন্ত সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অযত্ন-অবহেলায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় গর্তগুলো পানিতে ডুবে থাকায় বোঝাই যায় না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে রিকশা, অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের চলাচল কঠিন হয়ে পড়েছে। যানবাহন চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো ধরনের সংস্কার করা হয়নি। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রধান যাতায়াত পথ এটি।
স্থানীয়রা বলেন, ‘প্রতিদিনই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনো অটোরিকশা উল্টে যাচ্ছে, কখনো পথচারী গর্তে পড়ে আহত হচ্ছে। এর আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’
তাদের দাবি, সড়কটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। এলাকাবাসী চায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করুক—না হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।
চন্দ্রগঞ্জের মতো ব্যস্ত একটি এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক অবহেলার ভার আর বইতে পারছে না। এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ—মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে।
প্রতিবেদকের নাম 

























