
মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মুজিববাদী সংবিধানের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষাকে নস্যাত করে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “এই মেহেরপুর থেকেই আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, একটি বৈষম্যহীন ও জনগণের রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ৫৪ বছর পরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কলেজ মোড়ে শেষ হওয়া এনসিপির “জুলাই পদযাত্রা”-এর পর অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “স্বাধীনতার পর আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো চেয়েছিলাম, যেখানে জনগণের অধিকার থাকবে, বৈষম্য থাকবে না— তা বাস্তবায়নের সুযোগই দেওয়া হয়নি। রাষ্ট্রব্যবস্থাকে একটি গোষ্ঠীর আদর্শে সীমাবদ্ধ করে জনগণের আকাঙ্ক্ষাকে বঞ্চিত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের পাশে না দাঁড়িয়ে আজ শ্রেণিবিশেষের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নতুন একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। জনগণের শাসনের ভিত্তি এখন তৈরি হয়েছে, এবার সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সাংগঠনিক নেতা সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ এবং সদস্য সেহেল রানা।
পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কলেজ মোড়ে, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “৭১-এর চেতনার নামে জনগণকে প্রতারিত করা হয়েছে। জনগণ যখন সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক হবে, তখনই প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।
পথসভা শেষে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 


























